ঢাকা, রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

ইউএনও’র পদক্ষেপে স্বস্তি ফিরল পথচারীদের মাঝে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ২০:০০  
আপডেট :
 ০৭ জুন ২০২৬, ২০:১২

ইউএনও’র পদক্ষেপে স্বস্তি ফিরল পথচারীদের মাঝে

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদীম পৌর এলাকার রিকাবী বাজারে ফুটপাত ও সড়কের ড্রেন দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসন। শনিবার (৭ জুন) দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ফুটপাত ও ড্রেনের ওপর নির্মিত বিভিন্ন অবৈধ দোকানপাট ও স্থাপনা অপসারণ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরকাদীম পৌরসভার প্রশাসক মো. মাসুদুর রহমান। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী এবং বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে রিকাবী বাজার এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং সড়কের ড্রেনের ওপর অবৈধ স্থাপনা নির্মাণের ফলে পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। ড্রেনগুলো দখল হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থাও ব্যাহত হচ্ছিল, যা বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ঝুঁকি বাড়িয়ে তুলেছিল। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছিল।

উচ্ছেদ অভিযানের ফলে ফুটপাত ও ড্রেন দখলমুক্ত হওয়ায় পথচারীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে লাঘব হয়েছে। স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং জনস্বার্থে এমন অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।

অভিযান চলাকালে পৌর প্রশাসক মো. মাসুদুর রহমান বলেন, ফুটপাত দখলের কারণে সাধারণ পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছিল। দীর্ঘদিন ধরে কিছু ব্যবসায়ী সড়কের ড্রেনও দখল করে রেখেছিলেন। তাদের একাধিকবার সতর্ক করা হলেও অনেকেই নির্দেশনা মানেননি। তাই জনস্বার্থে এবং স্বাভাবিক চলাচলের পরিবেশ ফিরিয়ে আনতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, সরকারি জায়গা দখল কিংবা জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মিরকাদীম পৌর প্রশাসনের এ উদ্যোগে রিকাবী বাজার এলাকায় শৃঙ্খলা ফিরবে এবং সাধারণ মানুষের চলাচল আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে বলে আশা করছেন।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত