ঢাকা, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

মাস্কের ডেটা সেন্টার ব্যবহারে মাসে গুগলের ভাড়া ৯২ কোটি ডলার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ২১:৫০

মাস্কের ডেটা সেন্টার ব্যবহারে মাসে গুগলের ভাড়া ৯২ কোটি ডলার
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পরিষেবার ক্রমাগত চাহিদা সামাল দিতে ইলন মাস্কের এআই কোম্পানি এক্সএআই’য়ের প্রযুক্তিগত সুবিধা নিতে স্পেসএক্সের সঙ্গে বড় চুক্তি করেছে গুগল।

এ চুক্তির আওতায় ইলন মাস্কের এক্সএআই ডেটা সেন্টারের সুপারকম্পিউটিং সক্ষমতা ব্যবহারের বিনিময়ে স্পেসএক্সকে প্রতি মাসে ৯২ কোটি ডলার দেবে মার্কিন টেক জায়ান্টটি।

মার্কিন ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’-এর নথি থেকে এসব তথ্য জানা গেছে। চুক্তিটি এ বছরের অক্টোবর থেকে শুরু হয়ে ২০২৯ সালের জুন পর্যন্ত কার্যকর থাকবে বলে প্রতিবেদেনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

এ চুক্তির আওতায় ১ লাখ ১০ হাজারটি শক্তিশালী এনভিডিয়া জিপিইউ এবং প্রসেসর ও মেমোরি ব্যবহারের সুযোগ পাবে গুগল।

তবে শর্ত হচ্ছে, স্পেসএক্স যদি এ বছরের সেপ্টেম্বরের মধ্যে এই নির্দিষ্ট সংখ্যক জিপিইউ সরবরাহ করতে না পারে তবে গুগল চাইলে তখনই চুক্তিটি পুরোপুরি বাতিল করে দিতে পারবে বা এক মাসের বাড়তি সময় দিয়ে কম খরচে ওই মুহূর্তে স্পেসএক্স যতটুকু জিপিইউ দিতে পারবে সেটুকুই মেনে নিয়ে চুক্তি বজায় রাখতে পারবে।

গুগলের নিজস্ব বৈশ্বিক ডেটা সেন্টার নেটওয়ার্ক থাকা ও প্রতিনিয়ত নতুন ডেটা সেন্টার তৈরি করার পরও তারা কেন বাড়তি কম্পিউটিং পাওয়ারের জন্য স্পেসএক্সকে অর্থ দিচ্ছে– অনেকের মনে এমন প্রশ্ন আসা স্বাভাবিক।

এ বিষয়ে গুগল ক্লাউডের একজন মুখপাত্র বলেছেন, বিষয়টি ‘স্বল্পমেয়াদী ও সাময়িক চুক্তি’। বড় বড় ব্যবসায়িক কোম্পানির জন্য গুগলের এআই সাবস্ক্রিপশন সেবা ‘জেমিনাই এন্টারপ্রাইজ’-এর ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। এ উপচে পড়া চাহিদা সামাল দিতে ‘বাড়তি সক্ষমতা নিশ্চিত করতেই’ তারা এ চুক্তি করেছে।

এআই খাতে কেবল গুগলের কাছেই যে স্পেসএক্স কম্পিউটিং শক্তি বিক্রি করছে, এমন নয়। মাস্কের মালিকানাধীন কোম্পানিটির সঙ্গে আরেক মার্কিন এআই কোম্পানি অ্যানথ্রপিক-এরও চুক্তি রয়েছে। এর ফলে এক্সএআইয়ের ‘কলোসাস ১’ ডেটা সেন্টার ব্যবহারের সুযোগ পাচ্ছে অ্যানথ্রপিক।

স্পেসএক্সের প্রাথমিক শেয়ার ছাড়ার নথিপত্র অনুসারে, অ্যানথ্রপিক ২০২৯ সালের মে মাস পর্যন্ত প্রতি মাসে স্পেসএক্সকে ১২৫ কোটি ডলার পরিশোধ করবে।

আগামী ১২ জুন স্পেসএক্স শেয়ার বাজারে তালিকাভুক্ত হবে এবং সম্ভবত ইতিহাসের সবচেয়ে বড় আইপিও হিসেবে মোটা অংকের তহবিল সংগ্রহ করবে কোম্পানিটি।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত